রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাসের বিপরীত পাশে অবস্থিত আমেরিকান সেন্টারে দুই জন অজ্ঞাত যুবক একটি ছোট কালো ব্যাগ (ঘাড়ে ঝোলানো) ফেলে যায়। ব্যাগটি থেকে পাওয়া যায়—একটি ছোট ছুরি, সামান্য দৈর্ঘ্যের বৈদুতিক তার, একটি ম্যাচ এবং বালুভর্তি একটি ছোট কালো বাক্স। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে ভাটারা থানাধীন প্রগতি সরণির পাশে মার্কিন দূতাবাসের এনেক্স ভবনের (আমেরিকান সেন্টার) প্রবেশ পথে এই কালো ব্যাগ উদ্ধার হয়।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে এনেক্স ভবনে প্রবেশ পথে নিরাপত্তা প্রহরীরা লক্ষ করেন যে দুই জন যুবক গেটের পাশে দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে একজনের পরনে জিন্স প্যান্ট ও টি-শার্ট। অন্যজনের মুখে দাড়ি। তখন নিরাপত্তাপ্রহরী তাদের সেখানে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চায়। তাদের সেখান থেকে চলে যেতে বলেন নিরাপত্তায় নিয়োজিত এক প্রহরী। তখন দুই যুবক চলে যাওয়ার সময় একজন তার ঘাড় থেকে কালো ব্যাগটি ফেলে দিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে ব্যাগটি তল্লাশি করে সেখান থেকে একটি ছুরি, এক টুকরা বৈদ্যুতিক তার, একটি ম্যাচ ও এক বাক্স বালু উদ্ধার করে। ঘটনার পর আমেরিকান সেন্টারের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ঐ দুই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
