অধস্তন একজন কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে ঢাকার পানগাঁও কাস্টমের যুগ্ম কমিশনার লুত্ফুল কবীরকে বদলি করে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ফিরিয়ে আনা হয়েছে। গত বুধবার পানগাঁওয়ে এক জন রাজস্ব কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা ও ফাইল ছিঁড়ে ফেলার অভিযোগ উঠে লুত্ফুল কবীরের বিরুদ্ধে। এরপর তাকে প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছিলেন রাজস্ব কর্মকর্তারা।
আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ কাস্টম অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের (বাকাএভ) সদস্যরা গত দুই দিন ধরে দেশের মাঠ পর্যায়ের সব ভ্যাট ও শুল্ক অফিসে কর্মবিরতিও পালন করে আসছিলেন। গতকালও সকাল থেকে দুপুর পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন। এর মধ্যেই অভিযুক্ত কর্মকর্তাকে পানগাঁও থেকে সরিয়ে আনার সিদ্ধান্ত নেয় এনবিআর।
