জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে গতকাল বুধবার তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অসিস বেনেটিজ সালাস। সাক্ষাত্কালে তারা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, কোভিডকালীন সামগ্রিক বৈশ্বিক পরিস্থিতি, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন প্রভৃতি নিয়ে আলোচনা করেন।
সাক্ষাত্কালে শিরীন শারমিন বলেন, কোভিডকালীন সময়ে উদ্ভূত নিও-নরমাল বিশ্বে বিভিন্ন দেশের পারস্পরিক সহায়তা ও সমন্বয় খুবই জরুরি। নিজেদের সুরক্ষিত রেখে শিক্ষা কার্যক্রম চলমান রাখা, কর্মহীনতার কারণে কর্মহীনদের সহায়তাকরণ ইত্যাদি বিষয়ে করণীয় সম্পর্কে বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় দরকার। এ সময় রাষ্ট্রদূত কোভিডকালীন বাংলাদেশ সরকারের অর্থনীতির চাকা সচল রাখার প্রচেষ্টার প্রশংসা করেন।
