চট্টগ্রামের টানা চতুর্থ জয়

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০০:১৯

ম্যাড়ম্যাড়ে প্রথম ম্যাচের পর গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত লড়াই হয়েছে বঙ্গবন্ধু টি-২০ কাপে। শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান দরকার হলেও মিনিস্টার গ্রুপ রাজশাহী তুলতে পেরেছে ১২ রান। গতকাল ম্যাচের শেষ বলে ১ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। টুর্নামেন্টের চার দলকেই হারানোর গৌরব পেল মিঠুনের দল। চার ম্যাচে শতভাগ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি। সমানসংখ্যক ম্যাচে রাজশাহীর এটি দ্বিতীয় হার।

বড় টার্গেট তাড়া করতে গিয়ে আনিসুল ইমনের হাফ সেঞ্চুরিতে শেষ পর্যন্ত লড়াই করেছে রাজশাহী। কিন্তু শেষরক্ষা হয়নি। ৭ উইকেটে ১৭৫ রান করতে সমর্থ হয় রাজশাহী। ইমন ৫৮, শান্ত ২৫, আশরাফুল ২০, মেহেদী হাসান ২৫ রান করেন। চট্টগ্রামের মুস্তাফিজ ৩টি, শরীফুল ২টি উইকেট পান।

এর আগে লিটন দাসের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৭৬ রান তুলেছিল চট্টগ্রাম। ক্যারিয়ারসেরা ৫৩ বলে অপরাজিত ৭৮ রানের (৯ চার, ১ ছয়) ইনিংস খেলেছেন লিটন। ইনিংস জুড়ে তাকে সঙ্গ দিয়েছেন সৌম্য, মোসাদ্দেকরা। সৌম্য ৩৪, মিঠুন ১১, মোসাদ্দেক ২৮ বলে ৪২ রান করেন। রাজশাহীর মুকিদুল ৩টি, ফরহাদ রেজা, আনিসুল ইমন ১টি করে উইকেট পান।

এদিকে আগামীকাল টুর্নামেন্টের ম্যাচের সময় পরিবর্তন হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, শুক্রবার দিনের প্রথম ম্যাচটি ১২টায় এবং দ্বিতীয় ম্যাচটি ৫টায় শুরু হবে। একই দিনে রাত ১০টায় দোহায় মুখোমুখি হবে বাংলাদেশ-কাতার ফুটবল দল। ম্যাচটি সম্প্রচার করবে টি-স্পোর্টস। ফুটবল ম্যাচের সঙ্গে মিলে যাচ্ছে বলেই পরিবর্তন করা হয়েছে বঙ্গবন্ধু টি-২০ কাপের ম্যাচের সময়।