জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ভাস্কর্যের বিরোধিতাকারী রাজনৈতিক মোল্লারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে অশান্তি সৃষ্টির রাজনীতি করছে। ভাস্কর্যবিরোধী এই রাজনৈতিক মোল্লারা বিএনপি-জামায়াতের ভাড়াটে খেলোয়াড় এবং ভাস্কর্যের বিরোধিতার নামে আসলে সরকার উত্খাতের চক্রান্ত শুরু করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকি দিয়ে উত্তেজনা-অশান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা এবং ধর্মের অপব্যাখ্যা ও ধর্ম নিয়ে রাজনীতি বন্ধের দাবিতে গতকাল বুধবার জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর জাসদ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ভাস্কর্যবিরোধীরা বাংলাদেশ রাষ্ট্র, সংবিধান, মুক্তিযুদ্ধ কিছুই মানে না। নারীদের অসম্মান করে এরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্ম অবমাননা করছে। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার এতে সভাপতিত্ব করেন।
