ঢাকা মহানগরীতে সরকারের পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকারের পরিপন্থী এবং গণতন্ত্র ও রাজনীতির জন্য অশনিসংকেত। সংবিধান ও মৌলিক অধিকার পরিপন্থি এই গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। গতকাল বুধবার রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
