কাঠবেড়ালি ও নেকড়ে

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৮:৩১

একটা কাঠবেড়ালি গাছের এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল। হঠাত্ পা ফসকে সে গাছের নিচে একটা ঘুমন্ত নেকড়ে বাঘের ওপর পড়ে গেল। নেকড়ে বাঘটি এক লাফ দিয়ে উঠে কাঠবেড়ালিটিকে খেয়ে ফেলার জন্য উদ্যত হতেই ছোট্ট কাঠবেড়ালিটি কাকুতিমিনতি করে বলল,

‘দয়া করে আমাকে ছেড়ে দাও।’

নেকড়ে বলল,

‘ঠিক আছে। আমি তোমাকে ছেড়ে দেবো, তবে তুমি শুধু আমাকে বল—তোমরা কাঠবেড়ালিরা এত হাসিখুশি কেমন করে থাক। আমার তো সারাদিন একঘেয়েমিতে কাটে, অথচ যখনই তোমাদের দেখি, তখন তোমরা খেলছ আর স্ফূর্তিতে লাফিয়ে বেড়াচ্ছ।

কাঠবেড়ালি বলল,

‘আগে আমাকে গাছের ওই ডালে উঠতে দাও, তখন সেখান থেকে আমি তোমাকে এর কারণটা বলব, এখানে আমি ভীষণ ভয় পাচ্ছি।’

নেকড়ে তাকে যেতে দিলো আর কাঠবেড়ালিটি এক লাফে গাছের ডালে উঠে বলল,

‘তুমি একঘেয়েমিতে ভুগছ, কারণ তুমি খুব বিদ্বেষপরায়ণ। অন্যের ক্ষতিসাধনের তোমার এই ইচ্ছা বা বিদ্বেষ তোমার মনটাকে কুরে কুরে খাচ্ছে। অথচ দেখ আমরা সবসময় হাসিখুশি থাকি, কারণ আমরা অপরের প্রতি সহানুভূতিশীল এবং কখনো কারও ক্ষতি করি না।