শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে রেকর্ড ৮ম বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ফরিদুর রেজা সাগর। ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক এবং শতাধিক চলচ্চিত্রের প্রযোজক ফরিদুর রেজা সাগর এ বিরল সম্মানের অধিকারী হলেন। এর আগে বাংলাদেশের আর কোনো চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান বা চলচ্চিত্র প্রযোজক এত বার এ পুরস্কার পাননি। ইমপ্রেস টেলিফিল্ম লি. ও ফরিদুর রেজা সাগরের প্রযোজনায় যেসব চলচ্চিত্র বিগত ৮বার এ পুরস্কার পেয়েছে সেগুলো হচ্ছে—কীর্তনখোলা (২০০০), গহীনে শব্দ (২০১০), গেরিলা (২০১১), উত্তরের সুর (২০১২), মৃত্তিকা মায়া (২০১৩), অজ্ঞাতনামা (২০১৬), রাজাধিরাজ (২০১৮) ও ফাগুন হাওয়া (২০১৯)। অনুভূতি প্রকাশে তিনি বলেন, ‘দেশের প্রতি একটা কমিটমেন্ট থেকেই আমরা বিগত কয়েকবছর ধরে ছবি নির্মাণের সংখ্যা বাড়িয়েছি। সেক্ষেত্রে সেরা ছবির আনন্দকে মনে করি সকল কলাকুশলীর জন্যই একটা পুরস্কার। প্রতিবারই পুরস্কৃত হওয়ার পর মনে হয় নতুন বছরে আরো কিছু দিতে পারি কি-না!’
