শীতের পোশাক কিনতে ফুটপাতের দোকানে ভিড়

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:২২

শাহীন হাফিজ, বরিশাল অফিস

শীতের শুরুতেই গরম কাপড় কেনার জন্য ছুটছে মানুষ। ভিড় বেড়েছে বরিশাল নগর ভবন সংলগ্ন ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানগুলোতে। নগরীর এ ফুটপাতে প্রায় শতাধিক ভ্রাম্যমাণ দোকানে সকাল থেকে রাত পর্যন্ত হাঁক-ডাকে চলছে বিরামহীন বিক্রি। অল্পদামে শীতের পোশাক কিনতে ফুটপাতে ভিড় জমাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা জানিয়েছেন, শীত বাড়তে শুরু করায় গত কয়েক দিন ভালো বিক্রি হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, ফুটপাতের এসব দোকানে শিশু থেকে শুরু করে সব বয়সি মানুষের পোশাক মিলছে। যার মধ্যে রয়েছে সোয়েটার, জ্যাকেট, কম্বল, হাত মোজাসহ শীতের সব রকম পোশাক। পুরোনো এসব পোশাকের মূল্য সাধারণ পোশাকের চেয়ে অনেক কম। দাম নির্ভর করে ক্রেতার পছন্দের ওপর। তাছাড়া গাইডে যে সব ভালো জ্যাকেট, সোয়েটার, কোর্ট ও কম্বল পাওয়া যায় তার দাম তুলনামূলক বেশি হয়। ফুটপাত ছাড়াও শীত মৌসুমে অন্যান্য জনপ্রিয় মার্কেট রয়েছে। এসব মার্কেটে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পরিবারের ক্রেতারা প্রতিনিয়ত ভিড় করেন। এবার মৌসুমের শুরুতেই বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ক্রেতা আসতে শুরু করায় ভিড় পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন মার্কেটে। ক্রেতাদের মনোযোগ আকর্ষণে হরেকরকম বাহারী পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

শীতবস্ত্রের ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, গার্মেন্টস আইটেমের চেয়ে শীতবস্ত্রে লাভ বেশি হয়। এসব মার্কেটের ক্রেতারা জানান, একটু পছন্দের কাপড় কিনতে গেলেই ২০০ টাকার ওপরে গুনতে হয়। দরকষাকষি ছাড়া পছন্দের দামি পোশাক কেনা সম্ভব হয় না। ২০০ টাকার একটি পোশাকের দাম হাঁকা হয় হাজার টাকা। এরপর দর কষাকষি করে কিনতে হয়। এসব পোশাকের পাশাপাশি পাওয়া যাচ্ছে হরেক রকমের কম্বল। এ কম্বলের দামও খুব একটা বেশি নয়। ১৫০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা মূল্যের কম্বল পাওয়া যাচ্ছে। কমদামি কম্বলগুলোও পুরোনো গাইড হিসেবে কিনে আনা হয়। এ কম্বলের দাম তুলনামূলক কম। এর পাশাপাশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী এবার মৌসুমের শুরুতে পাওয়া যাচ্ছে নতুন কম্বল। এদিকে, বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিছুর রহমান জানান, ২৩ নভেম্বর থেকে দক্ষিণাঞ্চল জুড়ে শীত পড়তে শুরু করেছে। বুধবার বরিশালে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।