১৮ ঘণ্টা বিদ্যুত্হীন থাকবে রংপুর

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:২৪

স্টাফ রিপোর্টার, রংপুর

সংস্কার কাজের জন্য শুক্র ও শনিবার রংপুরসহ আশপাশের জেলাগুলোতে বিদ্যুত্ থাকবে না। ঐ দুদিন ১৩২/৩৩ কেভি গ্রিডের সঞ্চালন লাইন বন্ধ থাকবে। দুদিনই সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুত্ পাবেন না গ্রাহকরা। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নেসকো-২ (বিক্রয় ও বিতরণ বিভাগ) এর নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম। এর আগে বুধবার বিদ্যুত্ বন্ধ থাকার ব্যাপারে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই  কোম্পানি (নেসকো) লিমিটেড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলেও জানান ঐ কর্মকর্তা। নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, রংপুর ও এর আশপাশের অঞ্চলে শুক্রবার ও শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা করে মোট ১৮ ঘণ্টা বিদ্যুত্ বন্ধ থাকবে। ঐ সময়ে রংপুর ১৩২/৩৩  কেভি গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি বাস কন্ডাক্টর ও বাস পিটি পরিবর্তন কাজের অবশিষ্ট কাজ করা হবে।