প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি পাচ্ছেন ববি শিক্ষার্থীরা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:২৫

বরিশাল অফিস

প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি এবং স্মার্ট আইডি কার্ড পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন প্রাথমিকভাবে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ এবং সিএসই বিভাগের চেয়ারম্যানদের হাতে ইমেইল আইডি প্রদান উদ্বোধন করেন। এর মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একাডেমিক যোগাযোগ ও গবেষণা কার্যক্রম সুচারুরূপে চালিয়ে যেতে পারবেন। একই সময়ে উপাচার্য অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও লোক-প্রশাসন বিভাগের চেয়ারম্যানদের হাতে শিক্ষার্থীদের প্রদানের জন্য স্মার্ট আইডি কার্ড হস্তান্তর করেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক (চ.দা.) ফয়সাল মাহমুদ জানান, পর্যায়ক্রমে বাকি বিভাগের শিক্ষার্থীদেরও প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি দেওয়া হবে।