রৌমারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:২৬

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

রৌমারীতে পুকুরে ডুবে হামিম মিয়া (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রৌমারী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামিম উপজেলার রৌমারী সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, খেলা করতে গিয়ে পাশের পুকুরে পড়ে হামিমের মৃত্যু হয়েছে। রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, বিষয়টি তদন্তপূবর্ক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চগড়ে বৃদ্ধার মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জে বৃহস্পতিবার ভোরে পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম সুরাতুন নেছা (১১৫)। তার বাড়ি উপজেলার দণ্ডপাল ইউনিয়নের উত্তর শান্তিনগর এলাকায়। সে ঐ এলাকার মৃত কামিজ উদ্দীনের স্ত্রী। দণ্ডপাল ইউপি চেয়ারম্যান জামেদুল ইসলাম জানান, সুরাতুন নেছা আবু বক্কর সিদ্দিকের বাসায় থাকতেন। তিনি চোখে কম দেখতেন। প্রতিদিনের মতো তিনি রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। ভোরে ঘর থেকে বের হলে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যান। সকালে খাবারের জন্য ডাকতে গেলে ঘরে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে তার লাশ দেখতে পান। দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান সরকার পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।