ইত্তেফাক রিপোর্ট
মহামারির মধ্যেও প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখায় রেমিট্যান্সে সরকার ২ শতাংশ হারে যে প্রণোদনা দিচ্ছে, তা পাওয়া আরো সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রেমিট্যান্স প্রদানকারী ব্যাংক রেমিটারের কাগজপত্র নিজ দায়িত্বেই যাচাই করে দ্রুততম সময়ের মধ্যে প্রণোদনার অর্থ ছাড় করার জন্য রেমিট্যান্স আহরণকারী ব্যাংকের কাছে ‘কনফারমেশন’ পাঠাবে। তার ভিত্তিতে রেমিট্যান্স আহরণকারী ব্যাংক রেমিট্যান্স প্রদানকারী ব্যাংক বরাবর প্রণোদনার টাকা ছাড় করবে।
এতদিন রেমিট্যান্স আহরণকারী ব্যাংক রেমিটারের কাগজপত্র যাচাই করত। রেমিটার যার নামে রেমিট্যান্স পাঠাতেন, তিনি প্রথমে রেমিটারের কাগজপত্র রেমিট্যান্স প্রদানকারী ব্যাংকে জমা দিতেন। রেমিট্যান্স প্রদানকারী ব্যাংক ঐ কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য রেমিট্যান্স আহরণকারী ব্যাংকে পাঠাত। আহরণকারী ব্যাংক সেগুলো পরীক্ষা করে প্রদানকারী ব্যাংকে কনফারমেশন দেওয়ার পর প্রণোদনার টাকা পেতেন সুবিধাভোগীরা। এ নির্দেশনা ২০১৯ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে।
