সূচকের বড় উত্থানেও কমল লেনদেন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:৩২

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে, বেড়েছে সিএসইতে। গতকাল লেনদেন শেষে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৪ পয়েন্টে উঠে এসেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। মূল্যসূচকের এই উত্থানের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট মূল্যবৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৭৬টির এবং ৯৩টির দাম অপরিবর্তিত রয়েছে। গতকাল বাজারটিতে লেনদেন হয়েছে ৮২২ কোটি ৬৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৪১ কোটি ৭ লাখ টাকা। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৮ কোটি ৪৪ লাখ টাকা।