সুজন-আফতাবের বিশ্বাস

দ্রুতই রানে ফিরবেন সাকিব

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:৪৫

স্পোর্টস রিপোর্টার

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টে চার ম্যাচ খেললেও সাকিবের পারফরম্যান্স মন ভরাতে পারছে না কারোই। দীর্ঘ এক বছর বিরতির ফেরা এই অলরাউন্ডারকে দেখা যায়নি সেরা ছন্দে। চার ম্যাচে ৪১ রান ও ২ উইকেট সাকিবের নামের সঙ্গেই যেন বেমানান। বিশেষ করে ব্যাট হাতে এই বাঁহাতির নিষ্প্রভতা পোড়াচ্ছে ভক্তদের মন।

বেক্সিমকো ঢাকার হেড কোচ খালেদ মাহমুদ সুজন, জেমকন খুলনার সহকারী কোচ আফতাব আহমেদের বিশ্বাস, দ্রুতই সাকিবের ব্যাটে রান দেখা যাবে। বড় ইনিংস খেলবেন তিনি।

বঙ্গবন্ধু টি-২০ কাপে আজ দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে সাকিবের দল খুলনা। ম্যাচ শুরু হবে বেলা ১২টায়। বিকেল ৫টায় দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিরুদ্ধে লড়বে ঢাকা। বাংলাদেশ-কাতার ফুটবল ম্যাচের কারণে আজ টুর্নামেন্টের দুই ম্যাচের সময় পরিবর্তন হয়েছে।

ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন বিশ্বাস করেন, সাকিব ছন্দে ফিরবেন। বিসিবি একাডেমিতে গতকাল তিনি বলেছেন, ‘সাকিব অনেকদিন পর ক্রিকেটে ফিরল। সাকিব তো সাকিবই। নাম্বার ওয়ান অলরাউন্ডার। এখনো ব্যাট হাতে সাকিবকে সেভাবে দেখিনি। বল হাতেতো ওর যেটা স্বভাবসুলভ সেটা করছে। প্রতি ম্যাচেই ভালো বল করছে। ব্যাট হাতে তো ওর কাছে প্রত্যাশাটা সবারই অনেক বেশি। আমি বিশ্বাস করি সে ভালো খেলোয়াড়। সারা বছরেরই সে পারফরমার সত্যি কথা বলতে গেলে। সে কামব্যাক করবে। হয়তো সময় নিচ্ছে। অনেকদিন পর বলে হ্যান্ড আই কর্ডিনেশনের ব্যাপারটা থাকছে। আমি মনে করি সে কামব্যাক করবে।’

খুলনার সহকারী কোচ আফতাবও সুর মেলালেন অগ্রজ সুজনের সঙ্গে। অচিরেই সাকিবের ব্যাটে বড় ইনিংস দেখা যাবে মনে করেন তিনি। গতকাল আফতাব বলেছেন, ‘এটাই বললাম একটা ছেলে যখন এক বছর পর আসে তখন এসেই সবকিছু কাভার করা কঠিন। কোনো সন্দেহ নেই, সে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। সে যে কোনো সময় কামব্যাক করবে। কিন্তু সে ভালো শেপে আছে। প্রথম দুই ম্যাচ থেকে এখন বেটার শেপে আছে। ইনশাআল্লাহ পরের চার ম্যাচে ভালো কিছু দেখবেন আশা করছি।’

আজকের খেলা

বরিশাল-খুলনা, বেলা ১২টা 

ঢাকা-রাজশাহী, বিকেল ৫টা (মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম)