গোলের সুযোগ নিতে চান কোচ জেমি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:৪৮

স্পোর্টস রিপোর্টার

দুশ্চিন্তার অবসান হয়েছে। জেমি ডে আজ মাঠে থাকতে পারবেন। ডাগআউটে থাকার নিশ্চয়তা পেয়েছে বাংলাদেশ। কারণ গতকাল কাতারে বাংলাদেশ দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কোচ জেমির করোনা টেস্ট করানো হয়েছে। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে কাতার হতে জানিয়েছে বাফুফে। নেগেটিভ হওয়ার খবরে বাংলাদেশ টিমের হোটেলে স্বস্তির খবর। সবার মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয়েছে। কোচ মাঠে থাকলে দলের চেহারাই বদলে যাবে এমন কথা বলেছেন খেলোয়াড়রা।

অধিনায়ক জামাল ভুঁইয়া ড্রয়ের কথা বললেও দলের ইংলিশ কোচ জেমি ডে গোলের সুযোগ নিতে চান। জেমি ডে বলেছেন, ‘আপনাকে বুঝতে হবে এটা কাতার। শক্তিশালী দল। মাঠ পরিবেশ সবই কাতারের পক্ষে। তাদের কন্ডিশনে খেলা হবে। ফুটবল ম্যাচে যে কেউ জিততে চায়। কেউ আগাম বলতে পারে না ফুটবল ম্যাচে কি হতে পারে। একটা সুযোগ কাজে লাগাতে পারলেই যথেষ্ট।’