স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ফুটবল দল কাতারকে শক্তিশালী মনে করলেও কাতারের স্প্যানিশ কোচ সানচেজ ফেলিক্স বাংলাদেশকে দুর্বল মনে করছেন না। কাতারের সংবাদ মাধ্যমকে বাংলাদেশ সম্পর্কে সানচেজ ফেলিক্স বলেছেন, ‘আমার প্রত্যেকটা ফুটবলার দুর্দান্ত ফর্মে রয়েছে। তাদের উত্সাহ এবং মনোবল চাঙ্গা। প্রত্যেকে সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। বিশেষ করে বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করতে হলে প্লেয়ারদের দুর্দান্ত মনযোগ থাকা জরুরি। সেটা আমার ছেলেদের মধ্যে রয়েছে।’ সানচেজ বলেন, ‘টেকনিক্যালি এবং ফিজিক্যালি আমার খেলোয়াড়রা সেরা অবস্থানে রয়েছেন। আমার কাছে মনে হচ্ছে কঠিন লড়াই হবে আজ।’
এই কোচ ঢাকায় এসেছিলেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে। সেই ম্যাচ জিতলেও নিজেদের খেলা নিয়ে সন্তুষ্ট ছিলেন না বৃষ্টিভেজা মাঠের কারণে। তবে এবার দোহায় সবকিছু নিজেদের পক্ষে।
