স্পোর্টস রিপোর্টার
হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালোই শুরু পেয়েছে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন ও ওপেনার টম লাথামের জোড়া হাফ-সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৭৮ ওভারে ২ উইকেটে ২৪৩ রান করেছে নিউজিল্যান্ড। ৯৭ রানে অপরাজিত রয়েছেন উইলিয়ামসন। রস টেলর ব্যাট করছেন ৩১ রানে।
গতকাল ম্যাচের সকালের সেশনটা দুই দলকে অপেক্ষায় রেখেছিল বৃষ্টি। লাঞ্চের পর টস জিতে বোলিং করেন ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ওভারে অভিষিক্ত উইল ইয়ংকে (৫) ফেরনা ক্যারিবিয়ান পেসার শ্যানন গাব্রিয়েল। পরে দলের হাল ধরেন টম লাথাম ও উইলিয়ামসন। তাদের ১৫৪ রানের জুটি ভাঙেন কেমার রোচ। ক্যারিয়ারের ১৯তম হাফ সেঞ্চুরি করা লাথাম ৮৬ রান করে বোল্ড হন। শেষ বিকেলে আর বিপদ হতে দেননি উইলিয়ামসন ও রস টেলর। ৭৫ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন তারা।
তিন রানের অপেক্ষা নিয়ে রাতটা কাটাতে হবে নিউজিল্যান্ডের অধিনায়ককে। আজ দ্বিতীয় দিনে ৩ রান করলেই ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি পেয়ে যাবেন উইলিয়ামসন। ২১৯ বলে ১৬টি চারে অপরাজিত ৯৭ রান করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের রোচ ও গাব্রিয়েল একটি করে উইকেট নেন।
