মামলা প্রত্যাহারের দাবিতে কেরানীগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২২:২৪

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু জাফর এবং গাজী টেলিভিশনের প্রতিনিধি সোহরাওয়ার্দী শ্যামলের বিরুদ্ধে দায়েরকৃত মানহানির মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল মানববন্ধন করেছে কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকরা। কেরানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধনে অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন। এ সময় সাংবাদিকরা অবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মানহানির মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সালাউদ্দিন মিয়া, সাবেক সভাপতি শফিক চৌধুরী, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল গনি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রায়হান খান, সহসভাপতি ইকবাল হোসেন রতন। উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। গত ১৭ অক্টোবর দৈনিক যুগান্তরে ‘কেরানীগঞ্জে ইউপি প্যাড জাল করে চেয়ারম্যানের বিরুদ্ধে গণস্বাক্ষর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে ২২ অক্টোবর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেন আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিক। দুই সাংবাদিক ছাড়াও মামলায় তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুককে আসামি করা হয়েছে।