স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার ফতুল্লা থানার গাবতলী এলাকার একটি বাড়ির দুই তলা ভবনের নিচ তলায় এই অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধরা হলেন—খেলনা বিক্রেতা রেজা কাজী, তার স্ত্রী জামিলা ও তাদের মেয়ে মিতু আক্তার। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডের কারণ শনাক্ত করে।
ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, রাতে ঘরের মশা তাড়ানোর জন্য একটি পাত্রে ঝুট জ্বালিয়ে ঐ পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। ভোরে জ্বলন্ত ঝুটের আগুন ঘরের বিভিন্ন আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। এ সময় অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায় এবং ঘুমন্ত অবস্থায় পরিবারের তিন জন দগ্ধ হন। তাদের চিত্কারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়।
দগ্ধ তিন জনের দের বাড়ি পাবনা জেলার আহম্মদপুর গ্রামে। প্রায় এক বছর যাবত্ তারা ঐ বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে বসবাস করছেন।
