মৃত্যু কিছু কমলেও শনাক্ত বেড়েছে

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২২:৫২

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যুরসংখ্যা কিছুটা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৫ জন মারা গেছেন। ৩৫ জনই মারা গেছেন হাসপাতালে। বুধবার মারা যান ৩৮ জন। গত এক দিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৩১৬ জন। বুধবারের চেয়ে গতকাল ১১৮ জন বেশি শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৭৩৯ জন। মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৭৪৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ৫৯৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৮৮ হাজার ৩৭৯ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি ল্যাবে ১৬ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৮ লাখ ২০ হাজার ৯৮১টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৩৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

বাংলাদেশের মোট জনসংখ্যার ভিত্তিতে প্রতি ১০ লাখে এ পর্যন্ত শনাক্ত ২৭৬৯ দশমিক ৯৪ জন। সুস্থ হয়েছেন প্রতি ১০ লাখে এ পর্যন্ত ২২৮০ দশমিক ৪৭ জন এবং প্রতি ১০ লাখে মারা গেছেন এ পর্যন্ত ৩৯ দশমিক ৬২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৩৫ জনের মধ্যে পুরুষ ২৩ জন, আর নারী ১২ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ১৬৪ জন, আর নারী মারা গেছেন ১ হাজার ৫৮৪ জন।