ইত্তেফাক ডেস্ক
২৭ বছর আগে সংরক্ষণ করে রাখা ভ্রূণ থেকে জন্ম নিয়েছে মলি গিবসন নামের এক কন্যাশিশু। যুক্তরাষ্ট্রের টিনা ও বেন গিবসন দম্পতি ভ্রূণটি দত্তক নিয়েছিলেন। অক্টোবরে শিশুটির জন্ম হয়েছে। দীর্ঘদিন ধরে হিমায়িত থাকা ভ্রূণ থেকে জন্ম নেওয়ার ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে মলি। এর আগে সংরক্ষিত ভ্রূণ থেকে দীর্ঘ সময় পর জন্ম নেওয়ার রেকর্ড গড়েছিল মলির বড় বোন ইমা। বেন গিবসন তার প্রতিক্রিয়ায় বলেন, আমরা আকাশের চাঁদ হাতে পেয়েছি। আমাদের বিস্ময় এখনো কাটেনি। গিবসনের স্ত্রী টিনা বলেন, আমার মা-বাবা যদি এ ব্যাপারে সংবাদ না দেখত, তাহলে হয়তো আমরা এই সাফল্য পেতাম না। টিনা একটি বিদ্যালয়ের শিক্ষক এবং তার স্বামী গিবসন নিরাপত্তা বিশ্লেষক। খ্রিষ্টানদের অলাভজনক সংস্থা ন্যাশনাল এমব্রিও ডোনেশন সেন্টার (এনইডিসি) মানব ভ্রূণ সংরক্ষণ করে রাখে। তাদের কাছ থেকেই ভ্রূণ দত্তক নিয়ে পরে সন্তানের জন্ম দিতে হয়। যুক্তরাষ্ট্রে বর্তমানে ১০ লাখের বেশি ভ্রূণ সংরক্ষিত আছে। টিনা ও গিবসন এর আগে ২০১৭ সালের ভ্রূণ সংগ্রহ করে ইমার জন্ম দিয়েছেন। হিমঘরে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা হয় এসব ভ্রূণ। —বিবিসি
