আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা কঠোর ভাবে দমন করা হবে। মীমাংসিত বিষয় নিয়ে আপস করার কোনো সুযোগ নেই।
গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিতসভায় তিনি এ সব কথা বলেন। ওবায়দুল কাদের তার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন। মন্ত্রী বলেন, শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোনো বাধা দেবে না, তবে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের ওপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খুঁজছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, বিএনপি এখন একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
নেতাকর্মীর উদ্দেশ্যে দলের সাধারণ সম্পাদক বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইতিমধ্যে যারা বিদ্রোহ করেছে, আবার নির্বাচিত বা পরাজিত হয়েছে তাদের আর দল থেকে মনোনয়ন দেওয়া হবে না। স্থানীয় পর্যায়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শিগিগরই বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর পর্যন্ত চার লেনের সড়ক উন্নীত করা হবে। লক্ষ্মীপুরের লক্ষ্মী ফিরিয়ে আনা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে বর্ধিতসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাবেক মন্ত্রী শাহাজান কামাল, সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।
