অকালে চলে গেলেন পুলিশ সদর দপ্তরের এআইজি (অপারেশন্স) সাঈদ তারিকুল হাসান (৪৫)। এআইজি সাঈদ বান্দরবানে বৃহস্পতিবার বিকালে সরকারি দায়িত্ব পালনকালে হঠাত্ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাকে তাত্ক্ষণিক হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি—-রাজিউন)। তিনি মা, স্ত্রী আজুবা সুলতানা, দুই কন্যা তাসনিয়া আনজুম ও ওয়াদিয়া আরওয়া, এক ভাই, এক বোনসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আইজিপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার সকাল ১১টায় রাজারবাগ পুলিশ লাইন্সের শহিদ এসআই শিরু মিলনায়তনে জানাজা অনুষ্ঠিত হবে।
