আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আবেদনপত্র নেওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। আগামী ৮ ডিসেম্বর মঙ্গলবার থেকে ১৩ ডিসেম্বর শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নের জন্য আবেদনপত্র বিতরণ করবে দলটি। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র নেওয়া ও জমা দিতে হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে—সংশ্লিষ্ট জেলা/উপজেলা/পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থিগণ মনোনয়ন ফরম কিনতে পারবেন। যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র নেওয়া ও জমা দিতে হবে। আবেদনপত্র নেওয়ার সময় প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
দেশের তিন শতাধিক পৌরসভার মধ্যে দ্বিতীয় ধাপে ৬১টিতে ভোট হবে আগামী ১৬ জানুয়ারি। নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ২০ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর।
