জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), আইইবি ঢাকা কেন্দ্র এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দপ্তরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য শুধু একটি প্রতিকৃতি নয় বরং এই ভাস্কর্য বাংলাদেশের প্রতিচ্ছবি। জাতির পিতার নেতৃত্বে পাকিস্তানের হায়েনাদের কাছ থেকে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। জাতির পিতার প্রতি অবমাননা করা মানে বাংলাদেশকে অবমাননা করা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতায় গাঁথা।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন পাকিস্তানের চেয়ে সব সূচকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই ভাস্কর্য নিয়ে একটি ইস্যু তৈরি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে কিছু মৌলবাদী গোষ্ঠী, যারা ১৯৭১ সালে ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। স্বাধীনতার ইতিহাসের সাক্ষী আইইবি। তাই আইইবির সামনে আমরা বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য নির্মাণ করব।
মানববন্ধনে আইইবির সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবুল কালাম হাজারীর সঞ্চালনায় বক্তব্য দেন, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট ও বিপিপির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী এস এম মনজুরুল হক মঞ্জু, সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাত্ হোসেন (শীবলু) পিইঞ্জি., সম্মানী সহকারী সাধারণ সম্পাদক ও বিপিপি টেলিটক শাখার সভাপতি প্রকৌশলী মো. রনক আহসান, আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার প্রমুখ।
