সভা-সমাবেশ নিষিদ্ধ করা মুক্তিযুদ্ধের ওপর কালিমা লেপন :রব

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০০:৫০

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বলেছেন, মুক্তিযুদ্ধের গৌরবান্বিত বিজয়ের মাসে জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে মিছিল ও সভা-সমাবেশে অংশগ্রহণ করে ’৭১-এর বিজয়কে উদ্যাপন করবে, তখন সরকার মিছিল-সভা-সমাবেশ নিষিদ্ধ করার মাধ্যমে মুক্তিযুদ্ধের ওপর কালিমা লেপন করেছে। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা এ কথা বলেন।

সরকারের সিদ্ধান্তকে চাতুর্যপূর্ণ ও অগণতান্ত্রিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে জেএসডি নেতৃদ্বয় বলেন, ভিন্নমত ও পথকে রাষ্ট্রযন্ত্র দ্বারা বল প্রয়োগ করে রুদ্ধ করার মানসিকতা জাতির জন্য অভিশাপ বয়ে আনছে। রাজনীতি বিহীন সমাজ জনমনে বিচ্ছিন্নতার জন্ম দেয়, জনগণকে আত্মোপলব্ধি থেকে বঞ্চিত করে এবং ব্যক্তির আত্মবিকাশের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়।