কোনো মুসলিম হিন্দু নারীকে বিয়ে ও পুরো সম্পত্তি উইল করতে পারে কি না

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০০:৫২

সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাই মোস্তফা জগলুল ওয়াহিদ হিন্দু নারীকে বিয়ে ও তাকে পুরো বাড়ি উইল করার বিষয়ে আইনগত মতামত দিতে চার জন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৮৭২ অনুসারে কোনো মুসলিম হিন্দু নারীকে বিবাহ করতে পারে কি না এবং বিবাহের পর ঐ নারীকে পুরো সম্পত্তি উইল করে দিতে পারে কি না—এ বিষয়ে আইনগত ব্যাখ্যা জানা প্রয়োজন। এ কারণে সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ, কামরুল হক সিদ্দিকী, কামালুল আলম ও নুরুল আমিনকে অ্যামিকাসকিউরি হিসেবে নিয়োগ দেওয়া হলো। আগামী ১২ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে।

এছাড়া ঢাকার ছয়টি ব্যাংকে মোস্তফা জগলুল ওয়াহিদের নামে কোনো অ্যাকাউন্ট থাকলে তার তথ্য আদালতে দাখিল করতে সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে উনার সিটি ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত ফাইল আদালতে দাখিল করতে বলা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, জগলুল ওয়াহিদের দুই মেয়ের পক্ষে মনজিল মোরসেদ এবং তার দ্বিতীয় স্ত্রী আঞ্জু কাপুরের পক্ষে শুনানি করেন মাসুদ আর সোবহান।