ভারতে সব থানায় সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ সুপ্রিম কোর্টের

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০০:৫৪

ভারতের সব থানায় সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। থানা বাদেও সব তদন্ত সংস্থার অফিসকেও একই ভাবে নজরদারির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত তার আদেশে বলেছে, যেসব কর্তৃপক্ষের হাতে সাধারণ মানুষের বিরুদ্ধে অভিযোগের তদন্ত, গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদ করার ক্ষমতা আছে তাদের সব অফিসে সিসি ক্যামেরা লাগাতে হবে।

দেশটির মানবাধিকার সংস্থাগুলো আদালতের এই আদেশকে সাধুবাদ জানিয়েছে। তবে তারা আশঙ্কা করছেন, যেসব প্রতিষ্ঠানে ঘুষের চর্চা হয় কিংবা ক্ষমতার অপব্যবহার করা হয়, তারা এই নির্দেশ বাস্তবায়নে পদে পদে বাধা সৃষ্টি করতে পারে।

রায়ে বলা হয়েছে, প্রত্যেকটি থানায় ঢোকার এবং বের হওয়ার মুখে, লক-আপ রুমে, করিডোরে, লবিতে, রিসিপশনে, থানার ইন্সপেক্টর এবং সাব-ইন্সপেক্টরদের রুমে, ওয়াশরুমের বাইরে অবশ্যই সিসি ক্যামেরা লাগাতে হবে।  একই নির্দেশ কার্যকর হবে সিবিআই, ইডি, এনআইএর অফিসসমূহেও। কেবল ক্যামেরা লাগিয়ে রাখলেই হবে না, সবগুলো যেন সবসময় কার্যকর থাকে এবং প্রতিটি ফুটেজ সংরক্ষিত থাকে সেটি নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট অফিসকেই।

সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়েছে, সংবিধানে সাধারণ নাগরিকদের নিরাপত্তা এবং তাদের অধিকার রক্ষার যে অধিকার দিয়েছে, তা রক্ষার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা জরুরি। প্রত্যেক রাজ্যকে নিশ্চিত করতে হবে যেন আদালতের এই আদেশ বাস্তবায়ন হয়।