স্থানীয় মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রীর (১১) বাবা-মা তৈরি পোশাক কারখানার কর্মী। প্রতিদিন তাকে ঘরে রেখে বাবা-মা কারখানায় চলে যান। এরই সুযোগে ঐ বাসার কেয়ারটেকার শাজাহান সিকদার (৫০) শিশুটিকে ধর্ষণ করে। গত ২১ নভেম্বর রাজধানীর রূপনগরের ৭ নম্বর রোডের টিনশেড বাড়িতে এ ঘটনার পর পুলিশ ধর্ষণকারীকে গ্রেফতার করতে পারেনি। ধর্ষণের শিকার অসুস্থ শিশুটিকে চিকিত্সা শেষে তিন দিন আগে বাসায় নেওয়া হয়েছে। শিশুটি মানসিকভাবে আতঙ্কের মধ্যে রয়েছে। সে এখন কাউকে দেখলেই ভয় পায়। পুলিশ বলছে, শিশুটি ট্রমায় আক্রান্ত হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে রূপনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে রূপনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় শাজাহান সিকদার ও তার স্ত্রী শিল্পী বেগমকে আসামি করা হয়। পুলিশ ঐ দিন শিল্পী বেগমকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
এদিকে, শিশুটির মা জানিয়েছেন, ৪০-৫০ বছর বয়সের কোনো পুরুষকে দেখলেই শিশুটি চিত্কার করে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।
রূপনগর থানার ওসি বলেন, অভিযুক্ত ধর্ষক শাজাহান সিকদারকে গ্রেফতারে অভিযান চলছে।
