লাকসামে বাসচাপায় ২ সিএনজি যাত্রী নিহত

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৯:৫৩

লাকসামে বাসচাপায় সিএনজিচালিত অটোরিক্সার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ অপর ৩ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় লাকসাম উপজেলার চন্দনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার উত্তরদা এলাকায় বিয়ে বাড়ির রান্নার কাজ শেষে বাবুর্চি ও তার সহকারি ওই ৫ যাত্রী লাকসাম ফিরছিলেন। পথিমধ্যে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চন্দনা বাজার এলাকায় নোয়াখালীগামী হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্টো-১৪-৭৯৯২) সিএনজি চালিত অটোরিক্সাটিকে (নম্বর বিহীন) চাপা দিলে ঘটনাস্থলে ২ যাত্রী নিহত হন।

দুর্ঘটনায় ভেঙে যাওয়া সিএনজি এবং হিমাচল বাস। ছবিঃ ইত্তেফাক।

এ সময় আহত হন চালক এবং অপর ৩ যাত্রী। নিহতরা হলেন, লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও মুসলিম পাড়ার মৃত দুদু মিয়ার ছেলে ইদ্রিস বাবুর্চি (৫৫) ও লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি আমতলি এলাকার আবদুল মতিনের ছেলে আল আমিন (৩৫)। আহতরা হলেন, নরপাটি আশ্রয়ন এলাকার রনির স্ত্রী নাজমা বেগম (২৫), একই এলাকার রহিমা বেগম (৩৫), পশ্চিমগাঁও বাগবাড়ির আবদুর রহমান (৫৫) ও সিএনজি চালক জুয়েল (৩৫)। 

আরও পড়ুনঃ নেত্রকোনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৭ শিক্ষককে শোকজ

লালমাই হাইওয়ে পুলিশের এসআই মোস্তফা কামাল জানান, নিহত ইদ্রিস বাবুর্চির লাশ স্বজনরা নিয়ে গেছে এবং আল আমিনের লাশ ও গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইত্তেফাক/নূহু