রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডে নিশ্ছিদ্র নিরাপত্তা, নিরাপদ ও যানজটমুক্ত নগরী গড়া এবং অপরাধ তদন্তে সিসিটিভির আওতা আরও বাড়ানো হবে।
এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে আরপিএমপি কন্ট্রোলরুমের আনুষ্ঠানিক হস্তান্তর কার্যক্রম শেষে এক মতবিনিময় সভায় রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এসব তথ্য জানান। এ সময় আরপিএমপির কমিশনার মো. আব্দুল আলীম মাহমুদ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবু সুফিয়ান, উপ-কমিশনার মুহিদুল ইসলাম, মিজানুর রহমান ও এসিডিবিসহ আরপিএমপির কর্মকর্তা, সিটি কাউন্সিলর ও সাংবাদিকরা । আরপিএমপির কমিশনার জানান, সিটি করপোরেশনের সহায়তায় ৩২টি সিসি টিভি নগরীর ১৫টি ওয়ার্ডে স্থাপন করায় এবং তা মনিটরিং ও নিয়ন্ত্রণ আরপিএমপির কন্ট্রোলরুমে থাকায় অপরাধ তদন্ত ও নিয়ন্ত্রণে সুবিধা সম্প্রসারিত হলো। এজন্য তিনি সিটি করপোরেশনকে ধন্যবাদ জানান। আরপিএমপি সূত্রে জানা যায়, রংপুর নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপারাধীদের শনাক্তে নগরীর বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে ক্যামেরা স্থাপন করা হবে। যার জন্য একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষও খোলা হয়। আরপিএমপি সূত্র জানায়, স্থাপিত প্রত্যেকটি ক্যামেরার ১শ’ মিটারের মধ্যে যানবাহনসহ লোকজনের চিত্র শতভাগ ক্যামেরায় ধারণ করা যাবে। কিছুটা অস্পষ্ট অবস্থায় ৪শ’ মিটারের মধ্যে গাড়ির নম্বরসহ সার্বিক চিত্র ক্যামেরায় ধারণ করা যাবে।
এখন পুরো নগরীকে ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনায় এসব অপরাধীদের শনাক্তে অনেক কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন আরপিএমপির কর্মকর্তারা।
