আমির খসরু সেলিম
দেখতে ছোট আকারের সিঙ্গাড়ার মতো বলে নাম ‘সিঙ্গাড়া ফল’। প্রচলিত নাম ‘শিংরা ফল’, প্রায় কাঁটার মতো বা ‘শিং’ আকারের অংশ আছে বলেও এই নাম মানানসই। ‘পানি ফল’ নামেও ডাকা হয়। এটি বর্ষজীবী জলজ উদ্ভিদ। সাধারণ পানিফলের সঙ্গে এর তফাত আছে। পানিফলের তুলনায় এর খোসা আর শাঁস শক্ত হয়। পাতা ত্রিভুজাকার গাঢ় সবুজ রঙের, জলের ওপর ভেসে থাকে। শিকড় ডুবে থাকে কাদার মধ্যে। উদ্ভিদটি পাঁচ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ফলের ভেতরে সাদা রঙের শাঁস থাকে। খেতে পানসে মিষ্টি। পরিপূর্ণ ফল আলুর মতো সেদ্ধ করেও খাওয়া যায়। ফলের শাঁস শুকিয়ে গুঁড়ো করেও রাখা যায়। বিভিন্ন রোগের চিকিত্সায় সিঙ্গাড়া ফল নিরাময়দায়ক। কাঁচা ফল রুচিবর্ধক। ইতিহাস বলে, তিন হাজার বছর আগেও চীনে এর চাষ হতো। আমাদের দেশে এর বেশ কয়েকটি প্রজাতির দেখা মেলে। সবচেয়ে পরিচিতটির রং সবুজ। অন্য সুলভটির রং কালচে লাল।
