কাজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে গেল : প্লাবন কোরেশী

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২০:৪৮

বিনোদন রিপোর্ট

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ জয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে ৩ ডিসেম্বর। এ বছর শ্রেষ্ঠ সুরকার বিভাগে তানভীর তারেকের সঙ্গে যৌথভাবে পুরস্কার পাচ্ছেন প্লাবন কোরেশী। ‘মায়া: দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রে ‘বাড়ির ওই পূর্ব ধারে’ শিরোনামের গানের জন্য এই স্বীকৃতি পান তিনি। চলচ্চিত্রটির পরিচালক মাসুদ পথিক। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের আসলে সর্ব্বোচ্চ পুরস্কার পাচ্ছে ‘মায়া:দ্য লাস্ট মাদার’। 

দেশের চলচ্চিত্রের এই সর্ব্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া ও নিজের কাজের উপলব্দি প্রসঙ্গে প্লাবন কোরেশী বলেন, ‘অবশ্যই এই সম্মানের অনুভূতি অনেক আনন্দের। কাজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে গেল। পাশাপাশি দায়িত্ববোধের জায়গা বেড়েছে। এতদিন যে কাজগুলো করেছি সেগুলো নিয়েও ভাবি। কৃতজ্ঞ সবার প্রতি। বিশেষ করে যারা আমার এই পথচলায় সহযোগিতা করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন। এই সম্মানের মর্যাদা ধরে রাখতে চেষ্টা করবো। আরো ভালো কিছু দেওয়ার প্রত্যয় থাকবে।’

প্লাবন কোরেশী সুর করার পাশাপাশি গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিত। তার লেখা উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে ফজলুর রহমান বাবুর ‘ইন্দুবালা’, দিলরুবা খানের ‘তোমার আমার’, মনির খানের ‘অঞ্জনা’, রিংকুর ‘বিবাগী’, রবি চৌধুরীর ‘রঙের বন্ধু’, ধ্রুব গুহের ‘একলা পাখি’ ও ‘যে পাখি ঘর বোঝে না’ অন্যতম।