ইয়াসিরের ব্যাটে ঢাকার জয়

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২১:৩৪

স্পোর্টস রিপোর্টার

টানা তিন হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বেক্সিমকো ঢাকা। বঙ্গবন্ধু টি-২০ কাপে গতকাল দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে মুশফিকুর রহিমের দল। মিরপুর স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ২৫ রানে পরাজিত করেছে ঢাকা। পাঁচ ম্যাচে রাজশাহীর এটি তৃতীয় হার।

ঢাকার দেওয়া ১৭৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৫ রানে ৩ উইকেট হারিয়েছিল রাজশাহী। ব্যাট হাতে ব্যর্থ হন শান্ত, আশরাফুলরা। পরে ফজলে রাব্বি ও রনি তালুকদারের ব্যাটিংয়ে লড়াই করেছিল দলটি। তারা ৬৭ রানের জুটি গড়েন। কিন্তু রান-বলের দূরত্ব বেশি হওয়ায় তাদের চেষ্টা রাজশাহীর জয়ের জন্য যথেষ্ট হয়নি। ১৯.১ ওভারে ১৫০ রানে অলআউট হয় রাজশাহী। ফজলে রাব্বি ৪০ বলে ৫৮, রনি তালুকদার ২৪ বলে ৪০ রান করেন। পরে ফরহাদ রেজা ১৪, নুরুল হাসান সোহান ১১ রান করেন। ঢাকার পক্ষে মুক্তার আলী ৪টি উইকেট নেন।

এর আগে ইয়াসির আলীর হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৭৫ রানের স্কোর গড়েছিল ঢাকা। যদিও ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল দলটি। পঞ্চম উইকেটে আকবর আলীর সঙ্গে ১০০ রানের জুটি গড়েন ইয়াসির। ইনিংসের শেষ ওভারে ফরহাদ রেজার বলে বোল্ড হওয়ার আগে ডানহাতি এই ব্যাটসম্যান ৩৯ বলে ৬৭ রানের (৯ চার, ১ ছয়) দুর্দান্ত ইনিংস খেলেন। আকবর আলী অপরাজিত ছিলেন ২৩ বলে ৪৫ রানের ইনিংস খেলে। মুশফিক ৩৭ রান করেন। রাজশাহীর মুকিদুল ২টি উইকেট পান।