স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে কেন উইলিয়ামসনের ক্যারিয়ার-সেরা ২৫১ রানে ভর করে চালকের আসনে চলে এসেছে নিউজিল্যান্ড। অধিনায়কের অতিমানবীয় ইনিংসের পর ৭ উইকেটে ৫১৯ রান করে ইনিংস ঘোষণা করে ব্ল্যাক ক্যাপসরা। জবাবে বিনা উইকেটে ৪৯ রান করে দিন শেষ করেছে উইন্ডিজরা।
উইলিয়ামসন দিনটা শুরু করেছিলেন ৯৭ রান নিয়ে। কিন্তু স্নায়ুচাপের ছিটেফোঁটাও দেখা যায়নি তার ব্যাটে। দিনের শুরুতেই এক বাউন্ডারির মাধ্যমে শতক পূর্ণ করার পর দুর্দান্ত সব স্ট্রোক আর শটে পার করলেন ক্যারিয়ারের তৃতীয় দ্বিশতকও। সেডন পার্কের সবুজ পিচেও উইলিয়ামসনের কাছে পরাস্ত হচ্ছিলেন উইন্ডিজ পেসাররা। তবে ঝুড়িতে যখন ২২১ রান, তখন কেমার রোচের বলে দিয়ে বসেছিলেন উইকেটরক্ষকের কাছে ক্যাচ। সাজঘরের দিকে হাঁটাও শুরু করেছিলেন। কিন্তু ২২১-এও যেন মন ভরেনি ক্রিকেট ইশ্বরের। থার্ড আম্পায়ারের চেকে নো বল ধরা পড়লে ক্রিজে ফিরে আবার শটের ফুলঝুরি খেলতে শুরু করেন নিউজিল্যান্ড অধিনায়ক। সেই ধারাবাহিকতায় ক্যারিয়ারের প্রথম ২৫০ রানে পৌঁছান আলজারি জোসেপের একটি বাউন্সারকে স্কয়ার লেগের ওপর দিয়ে মাঠ পার করে।
অধিনায়কের দ্বিশতকের দিনে তাকে সঙ্গ দিয়েছেন অন্যান্য কিউয়ি ব্যাটসম্যানও। রস টেইলরের ৩৮ এবং জ্যামিসনের দ্রুতগতির ৫১ রানে দলীয় ৫১৯ রানে ইনিংস ঘোষণা করে ব্ল্যাক ক্যাপসরা। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ৪৯ রান তুলে দিন শেষ করেন দুই উইন্ডিজ ওপেনার।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড প্রথম ইনিংস :১৪৫ ওভারে ৫১৯/৭ ডিক্লে (উইলিয়ামসন ২৫১, ল্যাথাম ৮৬; গ্যাব্রিয়াল ৩/৮৯, রোচ ৩/১১৪)
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস :২৬ ওভারে ৪৯/০ (ক্যাম্পবেল ২২*, ব্রেথওয়েট ২০* বোল্ট ০/৬)
