‘কনকাশন বদলিতে’ কপাল পুড়ল অস্ট্রেলিয়ার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২১:৪১

স্পোর্টস ডেস্ক

ক্যানবেরায় সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১১ রানে পরাস্ত করেছে সফরকারী ভারত। লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর করে ভারতের দেওয়া ১৬২ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ১৫০ রানেই আটকে যায় স্বাগতিকদের ইনিংস।

টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত ইনিংসের শুরুতেই স্বল্প রানে হারায় শেখর ধাওয়ান ও অধিনায়ক বিরাট কোহলিকে। তবে ওপেনার রাহুলের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ধস এড়ায় ভারত। ১৪তম ওভারে নামা জাদেজার ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর লড়াই করার মতো সংগ্রহ পায় সফরকারীরা। তবে ২৩ বলে ৪৪ রান করা জাদেজা তার ইনিংস শেষ করে যেতে পারেননি। ম্যাচের শেষ ওভারে মিচেল স্টার্কের বল তার ব্যাট ছুয়ে হেলমেটে আঘাত করে। মাথায় আঘাত কনকাশনে রূপ নেওয়ায় ব্যাটিং আর চালিয়ে যেতে পারেননি জাদেজা। ইনিংস বিরতিতে আইসিসির ‘কনকাশন বদলি’ আইনে জাদেজার বদলি হিসেবে ভারত মাঠে নামায় লেগস্পিনার যুযবেন্দ্র চাহালকে। আর সেই চাহালেই সর্বনাশ হয় অস্ট্রেলিয়ার। অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ ও ম্যাথু ওয়েডের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়া বধের মূল নেতৃত্ব দিয়েছেন এই লেগস্পিনারই। একটি উইকেটবিহীন পাওয়া প্লের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানো অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৭ উইকেটে ১৫০ রানে।