ইংল্যান্ডের দক্ষিন আফ্রিকা সফর
স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকা দলে আরো এক জন সদস্য করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। এর প্রভাব পড়েছে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরেও। দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচটি পিছিয়ে গেছে দুই দিন।
সবকিছু ঠিক থাকলে গতকাল শুক্রবার বাংলাদেশ সময় বিকালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে মাঠে নামার কথা দুই দলের। তবে এর ঘণ্টাখানেক আগেই দুঃসংবাদ পায় দুই দল। করোনা পজিটিভ হওয়ার কারণে পিছিয়ে যায় দুই দলের প্রথম ওয়ানডেটি। নতুন সূচি অনুসারে আগামীকাল রবিবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
সিরিজ শুরুর আগে নিয়ম মেনেই গত বৃহস্পতিবার পরীক্ষা করা হয় দুই দলের সব সদস্যদের। যার ফল হাতে মেলে গতকাল, ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে। যাতে দেখা যায়, স্বাগতিকদের এক জন আক্রান্ত হয়েছেন করোনায়। তবে সে সদস্যটি কে, তা প্রকাশ করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। পরে দুই দলের সুরক্ষার কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হয় প্রথম ওয়ানডে। সিরিজের শেষ দুই ম্যাচের সূচিতে অবশ্য এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। আগামী সোম ও বুধবার হবে ম্যাচ দুটি।টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেও দক্ষিণ আফ্রিকার দুই খেলোয়াড় করোনা পজিটিভ সাব্যস্ত হন। সে দুই জনের নামও জানা যায়নি।
