শীতের কাপড়ের দোকানে ভিড়

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২১:৪৫

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় জেঁকে বসতে শুরু করেছে শীত। গত বছরের তুলনায় এ বছর আগাম শীতের কারণে আগেভাগেই জমে উঠেছে শীতের কাপড়ের দোকানগুলো। খেটে খাওয়া দিনমজুরসহ নিম্নবিত্ত পরিবারের সদস্যরা ভিড় করছেন শহরের প্রধান সড়কের পাশের ফুটপাতের দোকানগুলোতে। দুপুরের পর থেকে রাত অবধি চলছে বেচাকেনা। এদিকে ব্যস্ত সময় পার করছেন লেপ-তোশকের কারিগররা। গৈলা বাজারের ভাই ভাই বেডিং স্টোরের মালিক জালাল খলিফা জানান, বর্তমানে একটি লেপ বানাতে খরচ নেওয়া হচ্ছে ৯০০ থেকে ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত। তবে কাপড় ও তুলার মানের ওপর ভিত্তি করে দাম কম-বেশি হচ্ছে।