রাজৈর মুক্ত দিবসে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২১:৪৭

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামে সাড়ে ৩০০ মুক্তিযোদ্ধা ও শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়ে ৪ ডিসেম্বর রাজৈর উপজেলা হানাদার মুক্ত হয়। শুক্রবার শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান, সহকারী কমিশনার রেজওয়ানা কবীর, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ প্রমুখ পুষ্পস্তবক অর্পণ করেন। রাজৈর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সেকান্দার আলী সেখ বলেন, পাকবাহিনী  ৩ ডিসেম্বর রাতে পালিয়ে ফরিদপুর যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুরের ছাগলছিড়ায় ১৩৫ জন ধরা পড়ে। ৯ মাসের যুদ্ধে মুক্তিযোদ্ধাসহ প্রায় সাড়ে ৩০০ মানুষ শহিদ হন।