সিরাজদিখানে শতবর্ষী সড়কে হেঁটে চলা দায়

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২২:১০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মাত্র ৩০০ মিটার সড়কের অভাবে এলাকাবাসীর দুর্ভোগ চরম পর্যায়ে। কাকডাকা ভোর থেকে গভীর রাত অবধি এলাকা ও আশপাশের কয়েক গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা এ সড়ক। এর বিস্তৃতি ঢাকা-মাওয়া হাইওয়ে সংযুক্ত ইমামগঞ্জ-বাসাইল-রামকৃষ্ণদী ও গুয়াখোলা বাজার হয়ে গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত। সড়কটি শতবর্ষের পুরোনো হলেও দীর্ঘকাল যাবত্ কাঁচা রয়ে গেছে। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। হেঁটে চলা দায়। তাই এলাকাবাসী মাঝে মাঝে চলাচলের স্বার্থে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজেদের অর্থায়নে সংস্কার করে বলে জানান। তবে বর্ষাকালে এবং অল্প বৃষ্টিতেই এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অথচ আশপাশে সব সড়কই পাকা হয়ে গেছে। সড়কটির মধ্যে একটি সেতু রয়েছে অথচ তার দুই পার্শ্বের সংযোগস্থলে মাটি নেই। এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা প্রকৌশলী শোয়েব বিন আযাদ জানান, সরেজমিনে তদন্তে দেখা গেছে, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলে কাজ করানো সম্ভব হবে।