ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, স্বাধীনতার পর সোনার বাংলা গড়তে জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে শেখ ফজলুল হক মনি সরাসরি রণাঙ্গনে সম্পৃক্ত ছিলেন। গতকাল নগর ভবন প্রাঙ্গণে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিবসের আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলোচনাসভায় সভাপতির বক্তব্যে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ছাত্রলীগের মাধ্যমে স্বাধীনতার সংগ্রামকে বেগবান করার জন্য যে নির্দেশনা জাতির পিতা দিয়েছিলেন তার অন্যতম কর্ণধার ছিলেন শহিদ শেখ ফজলুল হক মনি। তার মাধ্যমে ছাত্রলীগের তুখোড় নেতৃবৃন্দকে খুঁজে খুঁজে বের করেছেন এবং স্বাধীনতা সংগ্রাম উদ্বুদ্ধ করেছেন।
অনুষ্ঠানে শেখ ফজলুল হক মনির লেখা ‘গীতারায় এবং দূরবীনে দূরদর্শী’ শীর্ষক পুনঃপ্রকাশিত দুইটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নার্গিস রহমান। অন্যদিকে সকালে বনানী কবরস্থানে শহিদ শেখ ফজলুল হক মনির কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
