ফতোয়াবাজরা নানা সময়ে সমাজে অস্থিরতা তৈরি করেছে :তথ্যমন্ত্রী

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, মৌলবাদী গোষ্ঠীগুলো যুগে যুগে দেশকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছে। আজও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে, নানা বিষয়ে অপব্যাখ্যা ও ফতোয়া দেওয়া হচ্ছে। এই ফতোয়াবাজরা নানা সময়ে ফতোয়া দিয়ে সমাজে অস্থিরতা তৈরি করেছে। গতকাল মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানমালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, মৌলবাদী অপশক্তিগুলো দেশকে পিছিয়ে দেওয়ার যে অপচেষ্টায় লিপ্ত, তা রুখে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তথ্যসচিব খাজা মিয়া, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার অনলাইনে এবং খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন অর রশীদ খুলনা বেতার কেন্দ্রে উপস্থিত হয়ে অনুষ্ঠানে যোগ দেন। তথ্যমন্ত্রী এ সময় সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বেতারের খুলনা কেন্দ্রসহ পুরো বেতার পরিবারকে অভিনন্দন জানান। সমুদ্র এবং পাহাড়ের চূড়াসহ সব প্রান্তে অবস্থিত জনমানুষের কাছে অনুষ্ঠান পৌঁছে দেওয়ার জন্য বেতারকে অনন্য গণমাধ্যম হিসেবে অভিহিত করে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি সব কিছুর সঙ্গে বেতার জড়িয়ে আছে।

খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. বশির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন অর রশীদ বেতারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।