সাটুরিয়ায় পুলিশের উদ্যোগে শোভাযাত্রা ও মাস্ক বিতরণ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২২:১১

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামিমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহার উদ্যোগে গতকাল শুক্রবার সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতামূলক শোভাযাত্রা ও মাইকিং করা হয়েছে। এতে শরিক হন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শোভাযাত্রা শেষে মাস্কবিহীন পথচারী ও ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান ও সাটুরিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু প্রমুখ। অতিরিক্ত পুলিশ বলেন, করোনার দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতে ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কের বিকল্প নেই।