বিশেষ প্রতিনিধি
নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই সদস্য গ্রেফতার হয়েছে। এর মধ্যে ‘আল্লাহর দল’-এর উত্তরবঙ্গের তিন জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের আঞ্চলিক প্রধানকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট। গ্রেফতারকৃতের নাম সুলতান মাহমুদ হাসান ওরফে বড় মানিক। গতকাল অ্যান্টি টেররিজম ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এটিইউ জানিয়েছে, দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার বিন্নাকুড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনসেট ও একটি সিডি উদ্ধার করা হয়। অ্যান্টি টেররিজম ইউনিট আরো জানিয়েছে, দিনাজপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলার সে পলাতক আসামি। তাকে ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
হিযবুত তাহরীর সদস্য গ্রেফতার
এছাড়া রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। গ্রেফতারকৃতের নাম লুত্ফর রহমান জুনায়েদ ওরফে জেবি। বুধবার রাতে ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে এটিইউ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। গ্রেফতারকালে তার কাছ থেকে একটি মোবাইল ফোনসেট এবং হিযবুত তাহরীর বাংলাদেশ প্রণীত বিভিন্ন বর্ষের আটটি ম্যাগাজিন জব্দ করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুনায়েদ বর্তমানে অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিবিএ (মার্কেটিং) দশম সেমিস্টারে অধ্যয়নরত। সে ২০১২ সালের ২০ এপ্রিল মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত এবং গত ১০ অক্টোবর ভাটারা থানার দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে ভাটারা থানায় বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
