ধামরাই (ঢাকা) সংবাদদাতা
একটি বেসরকারি সংস্থায় চাকরি শেষে যে অর্থ পেয়েছিলেন তার সঙ্গে ধার-দেনা মিলিয়ে ১৩ বিঘা জমিকে উপযোগী করে তাতে মাছ চাষ করেছিলেন কুল্লা ইউনিয়নের সীতি এলাকার মর্তুজ আলী। খামার করে একটু সচ্ছল হবেন, অবসরের সময়টাও কাটবে নির্ভাবনায়—এমনই স্বপ্ন দেখেছিলেন তিনি।
তাই এ কাজে ১০ লাখ টাকারও বেশি ব্যয় করেন। কিন্তু বিধিবাম, এবারের বন্যা তার সেই স্বপ্নকে ভাসিয়ে দিয়েছে। নিজের শেষ সম্বল ও দেনার বোঝা মাথায় নিয়ে বড় দুর্ভাবনায় দিন কাটছে তার। তা সত্ত্বেও ফের ঘুরে দাঁড়াতে চান তিনি। একটু অবলম্বন, একটু সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা পেলেই শুরু করতে পারবেন পথচলা— এমনি স্বপ্ন আর আশা ক্ষতিগ্রস্ত মাছচাষি মর্তুজ আলীর।
