দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০০ দিন দেশবাসীকে মাস্ক পরার জন্য বলবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার টিভি চ্যানেল সিএনএনকে দেওয়া সাক্ষাত্কারে বাইডেন এ কথা বলেন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস যদি প্রতিটি আমেরিকান মাস্ক পরেন, তাহলে করোনা ভাইরাস উল্লেখযোগ্য হারে কমে যাবে।’ দায়িত্ব নেওয়ার পর প্রতিটি সরকারি ভবনে মাস্ক পরার নির্দেশ দেবেন বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান করোনার হানায় চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে জানিয়েছেন এই ডেমোক্র্যাট।
বাইডেন বলেন, ‘অভিষেকের প্রথম দিনই আমি দেশবাসীকে বলব, ১০০ দিনের জন্য মাস্ক পরুন, শুধু ১০০ দিন, সারাজীবন নয়। আমি মনে করি, যদি আমরা তা করি তাহলে উল্লেখযোগ্য ফল পাওয়া যাবে। যদি তাই হয়, তবে ভ্যাকসিন এবং মাস্ক পরার মাধ্যমে ব্যাপকভাবে আক্রান্ত কমানো যাবে। তবে দায়িত্ব গ্রহণের আগেই বাইডেন এমন কথা বলতে পারেন কি না তা নিয়ে কথা বলেছেন সংবিধান বিশেষজ্ঞরা। তারা বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ ধরনের নির্দেশ দেওয়ার আইনি বৈধতা নেই। তবে বাইডেন সিএনএনকে জানান, ‘তিনি এবং তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রে মাস্ক পরার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করবেন।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে কেবল সরকারি সম্পত্তির ওপর প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা থাকে। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যু এখনো ঊর্ধ্বমুখী। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বাইডেন শপথ গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। তার মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট এবং ‘থ্যাঙ্কসগিভিং ডে’র ছুটিতে প্রচুর মানুষ ভ্রমণে বের হওয়ায় দেশটিতে মহামারি পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।
