মুন্সীগঞ্জের গজারিয়ায় মসজিদে ঢুকে উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি, বিজয় টিভির জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়নের (৩৮) ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করেছে একদল লোক। এ সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে তাদের হাতে জখম হন নয়নের শ্যালক সাদ্দাম হোসেন ও শ্বশুর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার কামাল প্রধান। শুক্রবার জুমার নামাজে সেজদারত অবস্থায় নয়নের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত আমিরুল ইসলাম নয়ন ও তার শ্যালক সাদ্দাম হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক দুই জনকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা পাঠিয়েছেন।
সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন জানান, মসজিদে সেজদারত অবস্থায় আমার ওপর ২০-২৫ জন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। এ সময় জুয়েল চেয়ারম্যানের ভাগনে রুবেল (৩৭) আমার মানিব্যাগ ছিনিয়ে নেয়। হাত থেকে স্মার্ট ফোন ছিনিয়ে নেয় বাবু নামে আরেক জন। তাকে বিবস্ত্র করে বেদম প্রহার করে তারা। জুয়েল চেয়ারম্যানের ছোট ভাই মন্টু মসজিদে প্রবেশ করে আমাকে মেরে হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়ার আদেশ দেয়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সক ডা. কামরুন নাহার জানান, নয়নের ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া সারা শরীরে ও মাথায় ইট বা শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। অন্যদিকে তার শ্যালক ও শ্বশুরের গায়ের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
জানা যায়, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েলের অনুসারীদের বিরুদ্ধে সম্প্রতি পত্রিকায় রিপোর্ট করায় জুয়েল ও তার অনুসারীরা নয়নের ওপর ক্ষিপ্ত ছিলেন। তবে স্থানীয় কেউ কেউ বলছেন, সাংবাদিক আমিরুল ইসলামের শ্যালক সাদ্দামের চাচা শ্বশুর বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার কারণেও এই হামলার ঘটনা ঘটতে পারে।
এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা ও গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনসহ সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল মোবাইল ফোনে জানান, সকাল থেকে আমি ঢাকায়। আমি হামলার ঘটনার কিছুই জানি না। তবে শুনেছি মসজিদ কমিটির মেয়াদ শেষ হলেও সাংবাদিক নয়নের শ্বশুর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে জোর করে থাকতে চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়েছে। গজারিয়া থানার ওসি (অপারেশন) মো. মোক্তার হোসেন জানান, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
