আদিতমারীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে কলেজ শিক্ষক গ্রেফতার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২২:৩২

লালমনিরহাটের আদিতমারীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ফারুক হোসেন (৪২) নামে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত চন্দ্রপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফারুক হোসেন মৃত ফজলুল হকের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার দুহুলী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের মানব সম্পদ বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।

জানা গেছে, বিয়ের কিছুদিন পর থেকেই এক সহকর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন কলেজ শিক্ষক। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জের ধরে ফারুক হোসেন স্ত্রী রিতাকে বেদম মারপিট করেন। স্থানীয়রা রিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় গৃহবধূ রিতা বাদী হয়ে ফারুকের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ বিষয়টি মামলা হিসেবে নথিভুক্ত করেন।

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঐ শিক্ষককে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।