যুবলীগকে অসাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকতে হবে :তোফায়েল

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২২:৩৩

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেন, শেখ ফজলুল হক মনি ছিলেন অত্যন্ত সাহসি এবং বিশ্বস্ত। বাংলাদেশের রাজনীতি ও স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা। তিনি যা বিশ্বাস করতেন, তাই করতেন। বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। শেখ মনির আদর্শ ধারণ করে যুবলীগকে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকতে হবে।

গতকাল শুক্রবার মুজিব বাহিনীর অধিনায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকীর ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার নানা আয়োজনে শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে যুবলীগ। সকাল ১০টায় বনানী কবরস্থানে শহিদ শেখ ফজলুল হক মনি, ১৫ আগস্টের শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বনানী কবরস্থান মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করে যুবলীগ। দোয়া মাহফিল           শেষে দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নেতৃত্বে যুবলীগের কেন্দ্রীয়, মহানগর ও থানার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেন, স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা ষড়যন্ত্র করছে। এরা সেই শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের সহায়তা করেছে। মুক্তিযোদ্ধাদের হত্যা এবং মা-বোনদের সম্ভ্রমহানি করতে সহায়তা করেছে। আর কোনো সাম্প্রদায়িকতা যেন বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেজন্য যুবলীগকে সোচ্চার থাকতে হবে। সরকারকে বলবো- মৌলবাদীদের বিরুদ্ধে আর কোনো দুর্বলতা নয়, তাদরেকে কঠোরভাবে দমন করতে হবে।

সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক মুক্তির দ্বারপ্রান্তে আজ বাংলাদেশ। ঠিক সেই সময়ে বাঁধা হয়ে দাঁড়িয়েছে মৌলবাদ। দলমত নির্বিশেষে সকলকে মৌলবাদীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, আমার বাবা শেখ মনি ঝুঁকি নিতে ভয় পেতেন না। তিনি ছিলেন বিশ্বস্ততার প্রতীক। তিনি বঙ্গবন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন এবং শেষ পর্যন্ত তাই করেছেন। যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে শেখ পরশের নেতৃত্বে যুবলীগ রাজপথে রয়েছে। মৌলবাদীরা অপচেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, অ্যাডভোকেট মামুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, আবু আহমেদ নাসিম পাভেল, শেখ সোহেল উদ্দিন, ডা. খালেদ শওকত আলী, মো. রফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান পবন,  মো. নবী নেওয়াজ, মো. এনামুল হক খান, ড. সাজ্জাদ হায়দার লিটন, মো. মোয়াজ্জেম হোসেন, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোয়ার্দার, তাজউদ্দিন আহমেদ, মো. জসিম মাতুব্বর, মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সুব্রত পাল, মো. বদিউল আলম, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, ঢাকা মহানগর উত্তর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা প্রমুখ।